অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশী (২২) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন গাড়িতে থাকা আরও তিন বাংলাদেশি শিক্ষার্থী। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পৌনে আটটার দিকে দুর্ঘটনাটি ঘটে।
তাসনিম পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। উচ্চশিক্ষার জন্য মাত্র দুই মাস আগে তিনি অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন পার্থ (বিআইএসএপি) তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
পুলিশ ও বিআইএসএপি সূত্রে জানা গেছে, পার্থের উত্তরে ব্রেটন বে এলাকার ইন্ডিয়ান ওশান ড্রাইভে দুর্ঘটনাটি ঘটে। শিক্ষার্থীদের বহনকারী ধূসর রঙের একটি বিএমডব্লিউ গাড়ি দক্ষিণ দিকে যাচ্ছিল। সিবার্ড সড়কের মোড়ের কাছে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে একটি গাছে ধাক্কা খায়। এতে গাড়ির সামনের দিকে চালকের পাশের আসনে থাকা তাসনিম ঘটনাস্থলেই মারা যান।
আহত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী শিক্ষার্থী। তাঁদের একজন গাড়িটি চালাচ্ছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দলের সদস্যরা আহতদের উদ্ধার করে রয়্যাল পার্থ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহত তিনজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁদের আঘাত প্রাণঘাতী নয়। তাসনিমের মরদেহ রয়্যাল পার্থ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উদ্ধারকাজের জন্য ইন্ডিয়ান ওশান ড্রাইভের ওই অংশে কয়েক ঘণ্টা দুই দিকের যান চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। এ সময় ওই সড়কে থাকা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য চেয়েছে তারা।
এক বিবৃতিতে তাসনিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিআইএসএপি। শোকসন্তপ্ত পরিবার, বন্ধু ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত আরোগ্য কামনা করেছে তারা।
মতামত দিন