চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে বাংলাদেশি নাবিক নিখোঁজ
চট্টগ্রাম বন্দরের আলফা অ্যাংকরেজে অবস্থানরত একটি জাহাজ থেকে ইয়াসিন (৫০) নামে এক বাংলাদেশি স্টিভেডোর নিখোঁজ হয়েছেন।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টা ৩৭ মিনিটে এমভি ক্রিমসন গ্রেস জাহাজ থেকে তিনি নিখোঁজ হন। বিকেল সোয়া ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ইয়াসিন নিখোঁজ হওয়ার পর ঘটনাটিকে ‘ম্যান ওভারবোর্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাকে উদ্ধারে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ ইয়াসিনকে উদ্ধারে আশপাশে অবস্থানরত সব জলযানকে সহায়তার জন্য বন্দর কর্তৃপক্ষের রেডিও স্টেশন থেকে অনবরত ভিএইচএফ সম্প্রচার করা হচ্ছে।
এদিকে ইয়াসিন কীভাবে জাহাজ থেকে নিখোঁজ হয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাকে উদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর অভিযান চলছে।
মতামত দিন