Views Bangladesh Logo

বিদেশে উচ্চশিক্ষার তথ্য দিতে বাংলাদেশি স্টার্টআপের ফ্রি এআই প্ল্যাটফর্ম চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিনা মূল্যের প্ল্যাটফর্ম ‘Lattu.ai’ চালু করেছে বাংলাদেশি প্রযুক্তি স্টার্টআপ জেফার ল্যাবস। বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বৃত্তি, খরচ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য এক জায়গায় দেওয়ার লক্ষ্যেই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

Lattu.ai-তে প্রাথমিকভাবে ১৮টির বেশি দেশের প্রায় ৩ হাজার বিশ্ববিদ্যালয়, ৮ শতাধিক বিষয়ে পড়াশোনার সুযোগ এবং ১০০টির বেশি আন্তর্জাতিক বৃত্তির তথ্য যুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা, সম্ভাব্য ব্যয়, আবেদনের সময়সীমা, আবাসনসহ উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় বিভিন্ন তথ্য এখান থেকে জানতে পারবেন।

প্ল্যাটফর্মটির অন্যতম সুবিধা ‘AI Journey Planner’। শিক্ষার্থীর একাডেমিক ফলাফল, পছন্দ, বাজেট ও ভবিষ্যৎ লক্ষ্য বিশ্লেষণ করে এটি ব্যক্তিগতভাবে উপযোগী উচ্চশিক্ষার পরিকল্পনা তৈরি করবে। পাশাপাশি ‘Country Explorer’-এর মাধ্যমে বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা, ব্যয় ও আবেদনপ্রক্রিয়া তুলনা করা যাবে। ‘Scholarship Hub’ থেকে যোগ্যতা অনুযায়ী বৃত্তির সন্ধান এবং ‘Application Tracker’ ব্যবহার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠানো আবেদনের অগ্রগতিও পর্যবেক্ষণ করা যাবে।

এ ছাড়া শিক্ষার্থীদের পারস্পরিক অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের জন্য প্ল্যাটফর্মটিতে কমিউনিটি ফোরাম রাখা হয়েছে। বিভিন্ন দেশের ভিসা নীতি ও সংশ্লিষ্ট নিয়মে পরিবর্তন এলেও সেসব বিষয়ে আপডেট পাওয়ার সুবিধা রয়েছে। ফলে বিদেশে পড়াশোনার প্রস্তুতির বিভিন্ন ধাপের তথ্য একই প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

জেফার ল্যাবসের সহপ্রতিষ্ঠাতা ও মাইক্রোসফটে কর্মঅভিজ্ঞ সফটওয়্যার প্রকৌশলী পল্লব মাহমুদ বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার পরিকল্পনা করতে শিক্ষার্থীদের নানা উৎস থেকে তথ্য সংগ্রহ করতে হয়। প্রয়োজনীয় তথ্যগুলো একটি জায়গায় এনে প্রক্রিয়াটিকে সহজ করার উদ্দেশ্যেই Lattu.ai তৈরি করা হয়েছে।

উদ্যোক্তাদের ভাষ্য, প্রতিবছর উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন দেশে পাড়ি জমান। কিন্তু বিশ্ববিদ্যালয় ও বিষয় নির্বাচন, বৃত্তির সুযোগ, সম্ভাব্য খরচ এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের অভাবে শিক্ষার্থী ও অভিভাবকদের অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। সেই সমস্যা কমাতে তথ্য ও এআইভিত্তিক পরামর্শকে এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। Lattu.ai-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে বিনা মূল্যে এই সেবা ব্যবহার করা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ