Views Bangladesh Logo

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে খাসিয়া সম্প্রদায়ের লোকজনের ছোড়া ছররা গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার ডাকঘরের কারবালার টুক গ্রামের মৃত বিরাম আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে সালেহ আহমেদ আরও দুজনকে নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন নাজিরগাঁও গ্রামের সুমন মিয়া (২৫) ও একই এলাকার মাসুম আহম্মদ (২০)। তারা চংকেট ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় সুপারিবাগানে অবস্থানকালে চোর সন্দেহে খাসিয়া সম্প্রদায়ের কয়েকজন তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তার সঙ্গে থাকা দুজন সালেহর মরদেহ বাংলাদেশে নিয়ে আসেন।

সিলেট বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সালেহ আহমেদসহ তিনজনই সীমান্ত চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান বলেন, শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাটি জানতে পেরে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে খোঁজ নিতে সালেহ আহমেদের বাড়িতে একজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ