Views Bangladesh Logo

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খাদেমুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার (১৩ মে) মধ্যরাতে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে এই ঘটনা ঘটে। নিহত খাদেমুল ওই ইউনিয়নের উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

স্থানীয়দের ভাষ্যমতে, বুধবার মধ্যরাতে খাদেমুলসহ কয়েকজন ব্যক্তি বনচৌকি বিওপির সীমান্ত পিলার ৯০৫/৬ এস এলাকা দিয়ে ভারত সীমান্ত সংলগ্ন এলাকায় যান। তারা কাঁটাতারের বেড়ার কাছাকাছি পৌঁছালে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে তার সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত রংপুরের ডক্টরস ক্লিনিকে নিয়ে গিয়ে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর তারা নিশ্চিত হয়েছেন। তবে ঠিক কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে, সেই প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, বিজিবির পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং আলোচনার জন্য বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ