চীনে ১০০ কিমি আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন করলেন বাংলাদেশি রানার
চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক আল্ট্রা ট্রেইল ম্যারাথনে ১০০ কিলোমিটার ক্যাটাগরি সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের আল্ট্রা রানার ইমামুর রহমান।
শুক্রবার (১০ এপ্রিল) চীনের মোগানশানে অনুষ্ঠিত ইউটিএমবি ট্রেইল ম্যারাথনে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি বাংলাদেশের পতাকা হাতে ফিনিশ লাইন অতিক্রম করেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার প্রকৃত দূরত্ব ছিল প্রায় ৮০ কিলোমিটার এবং এতে ৪,৬০০ মিটার উচ্চতার উত্থান-পতন ছিল। প্রায় ৫ হাজার প্রতিযোগীর মধ্যে অংশ নিয়ে ইমামুর রহমান ২০ ঘণ্টা ৩ মিনিটে এই কঠিন রেস সম্পন্ন করেন।
দৌড় শুরুর পরপরই ভারী বৃষ্টি, তীব্র বাতাস এবং হিমশীতল তাপমাত্রার মুখোমুখি হন অংশগ্রহণকারীরা। এমন প্রতিকূল পরিবেশেও অসাধারণ সহনশীলতা ও মানসিক দৃঢ়তা দেখিয়ে রেস শেষ করেন তিনি।
উল্লেখ্য, মাত্র ২৫ দিনের মধ্যে তিনটি কঠিন ট্রেইল রেস সম্পন্ন করে নতুন এক মাইলফলক গড়েছেন ইমামুর রহমান। এর মধ্যে ১৫ মার্চ চীনের শিয়ামেনে ৯৭ কিলোমিটার এবং ২৯ মার্চ কংহুয়ায় ৩০ কিলোমিটার ট্রেইল রেস সম্পন্ন করেন তিনি।
এর আগে, থাইল্যান্ডে অনুষ্ঠিত ইউটিএমবি এশিয়া মেজর ইভেন্ট সম্পন্ন করে প্রথম বাংলাদেশি হিসেবেও ইতিহাস গড়েছিলেন তিনি।
বাংলাদেশে আল্ট্রা ট্রেইল রানিংয়ের পথিকৃৎ হিসেবে পরিচিত ইমামুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে নিজ প্রচেষ্টায় দেশকে প্রতিনিধিত্ব করে চলেছেন। ভবিষ্যতে আরও বৈশ্বিক হাইব্রিড স্পোর্টস ইভেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে