বিএসএফের হাতে আটক থাকার ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরলেন আজিজুর
সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর হাতে আটক হওয়ার প্রায় ১১ মাস পর লাশ হয়ে দেশে ফিরেছেন ঠাকুরগাঁওয়ের বাসিন্দা আজিজুর রহমান (৫০)। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় পুলিশ তার মরদেহ বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
নিহত আজিজুর রহমান ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সাহানাবাদ এলাকার বাসিন্দা ছিলেন। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৪ মে সীমান্ত এলাকায় ঘাস কাটার সময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।
পরিবারের অভিযোগ, আটকের পর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। প্রায় সাড়ে ১০ মাস বন্দি থাকার পর গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে শিলিগুড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শুক্রবার বাংলাবান্ধা সীমান্তে বিজিবি, বিএসএফ ও ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি তেঁতুলিয়া মডেল থানা ও ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশ উপহাইকমিশনের প্রতিনিধি, বিজিবির কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ধর্মগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম দাবি করেন, আটক করার সময় বিএসএফ সদস্যরা আজিজুরকে মারধর করেছিল এবং সেই আঘাত নিয়েই তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।
মরদেহ গ্রহণের পর আজিজুরের স্বজনরা অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তেঁতুলিয়া মডেল থানার ওসি রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে