Views Bangladesh Logo

শিকাগোয় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণ চিকিৎসক ডা. অদিতি সাহার মৃত্যু

যুক্তরাষ্ট্রে চিকিৎসক হিসেবে নতুন কর্মজীবন শুরুর মাত্র কয়েক সপ্তাহের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ চিকিৎসক ডা. অদিতি সাহা অনন্যা। শিকাগোর উপকণ্ঠ টিনলি পার্কে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তার মৃত্যুতে পরিবার, সহপাঠী ও চিকিৎসক সমাজে গভীর শোক নেমে এসেছে।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টিনলি পার্কের ভলমার রোড ও ওডিসি বুলেভার্ডের সংযোগস্থলের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর অদিতির গাড়িটি সড়ক ছেড়ে পাশের একটি জলাশয়ে পড়ে যায়। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে উদ্ধারকারী দল গাড়িসহ তাকে পানি থেকে বের করে আনলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্ঘটনার সময় তিনি গাড়িতে একাই ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে, দুর্ঘটনার সময় এলাকায় প্রবল ঝড় ও বৃষ্টি হচ্ছিল। তবে প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার জন্য দায়ী ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো মন্তব্য করেনি তদন্তকারী সংস্থা। কুক কাউন্টি মেডিকেল এক্সামিনারের কার্যালয় জানিয়েছে, মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে টিনলি পার্ক পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

ডা. অদিতির পারিবারিক বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়। তার বাবা বাবুল সাহা দীর্ঘদিন সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন। যদিও পরিবারের আদি নিবাস কুমিল্লার চান্দিনা উপজেলায়। শিক্ষাজীবনের শুরু রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। পরে ক্যামব্রিয়ান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে রাজধানীর জহিরুল হক শিকদার মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে এমবিবিএস সম্পন্ন করে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

যুক্তরাষ্ট্রে গিয়ে তিনি সফলভাবে ইউনাইটেড স্টেটস মেডিক্যাল লাইসেন্সিং এক্সামিনেশন সম্পন্ন করেন এবং চলতি বছরের জুলাই মাসে ইন্টারনাল মেডিসিন বিভাগে রেসিডেন্সি শুরু করেন। চিকিৎসক হিসেবে যুক্তরাষ্ট্রে নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ে তোলার পথচলা শুরু হয়েছিল অল্প কিছুদিন আগেই। কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হওয়ার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার জীবন।

ডা. অদিতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তার সহপাঠী, শিক্ষক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকে তাকে একজন মেধাবী, বিনয়ী ও মানবিক চিকিৎসক হিসেবে স্মরণ করেছেন। সহপাঠীদের ভাষ্য, চিকিৎসা পেশা একজন সম্ভাবনাময় চিকিৎসককে হারাল, যার নিষ্ঠা ও আন্তরিকতা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ