২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট প্রদান সম্পন্ন
সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র ও যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে ইতোমধ্যে ২২ হাজার জনকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাচাই-বাছাই ও প্রমাণ সাপেক্ষে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট প্রদান করা হয়েছে এবং এ প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিতে বাংলাদেশ থেকে বিশেষ টিম সৌদি আরবে কাজ করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি, সৌদি আরবে বসবাসরত ৬৯ হাজার মিয়ানমারের নাগরিক বা রোহিঙ্গার বাংলাদেশি পাসপোর্ট ইস্যুসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রদানের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, “যেসব মিয়ানমার নাগরিকের বাংলাদেশি নথিপত্র রয়েছে অথবা যারা প্রয়োজনীয় শর্ত পূরণ করেছেন, তাঁদের দ্রুত পাসপোর্ট দিতে হবে।”
এ ছাড়া সৌদি আরব থেকে পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করে পুনরায় যাচাই-বাছাইয়েরও নির্দেশ দেন তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে