Views Bangladesh Logo

ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

বৈধ অনুপ্রবেশ ও মানবপাচারের মামলায় গ্রেপ্তার একজন বাংলাদেশি নাগরিককে তার দুই ভারতীয় সঙ্গীসহ ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলা আদালতে পাঠিয়েছে পুলিশ। তাদেরকে পুলিশি রিমান্ডে নেয়ার আবেদনও জানানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া বাংলাদেশি নীল দাস (৩৪) এর বিরুদ্ধে খোয়াই থানায় ফরেনার্স অ্যাক্ট ও মানবপাচার আইন লঙ্ঘনের মামলা দুটি করে পুলিশ। দুই ভারতীয় নাগরিকও অভিযুক্ত হয়েছেন মানবপাচার মামলাটিতে।

বুধবার (৩০ অক্টোবর) নরসিংদীর বাসিন্দা নীল ও দুই ভারতীয় নাগরিককে খোয়াই সীমান্ত থেকে আটকের পর পুলিশে সোপর্দ করে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।

খোয়াই থানার এক পুলিশ কর্মকর্তা জানান, ভারতীয় পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তটি অতিক্রমের সময় দুই পাচারকারীসহ বিএসএফের হাতে ধরা পড়েন নীল।

তিনজনকেই আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্থানীয় আদালতে হাজির করা হয়েছে বলেও জানান তিনি।

রাজ্য পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিপুরায় গ্রেপ্তার হয়েছেন ২৩৯ বাংলাদেশি এবং ১৮ জন রোহিঙ্গাসহ ২৫৭ জন অনুপ্রবেশকারী। বিদেশি নাগরিকদের আন্তর্জাতিক সীমানা অতিক্রমে সুবিধা করে দেয়ার অভিযোগে ৫৪ জন ভারতীয় পাচারকারীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

ত্রিপুরার এক বিএসএফ কর্মকর্তা জানান, তারা শেষ নয়মাসে ১৭২ জনকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য পাচার ও সাইকোট্রপিক সাবস্টেন্সেস (এনডিপিএস) আইনে। তাদের কাছ থেকে জব্দ হয়েছে ১৭ হাজার ৫০০টি নেশাজাতীয় ট্যাবলেট, তিন হাজার ২৫৪ কেজি গাঁজা, আট হাজার ৪১১ বোতল ফেনসিডিল এবং ৩১৪ গ্রাম হেরোইনসহ বেশ কিছু নিষিদ্ধ দ্রব্য।

অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ ত্রিপুরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বলেও জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ