ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর আজিবর রহমান (২৩) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গার কাজিয়ার চর এলাকার বাসিন্দা।
সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৮৮-এর কাছাকাছি কাজিয়ার চরের দোনালার মাথা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ওই রাতে কয়েকজন যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এ সময় টহলরত বিএসএফ সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে অন্যরা দ্রুত বাংলাদেশের দিকে ফিরে আসতে সক্ষম হলেও আজিবর রহমান ধরা পড়েন।
বিষয়টি নিশ্চিত করে কুড়িগ্রাম ব্যাটালিয়নের (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করেছে।
তিনি জানান, আটক যুবকের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।
মতামত দিন