নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি যুবকের একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সীমান্তের ৪৭ ও ৪৮ নম্বর সীমান্তপিলারের কাছে জারুলিয়াছড়ির আগা এলাকার ওপারে শূন্যরেখায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আবদুল করিম (২৩)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জারুলিয়াছড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মাকবুল হোসেন। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার দুপুরে আবদুল করিম ওই এলাকায় গেলে স্থলমাইন বিস্ফোরণের শিকার হন। স্থানীয়দের দাবি, তিনি চোরাকারবারের কাজে সেখানে গিয়েছিলেন।
ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় টহলও বাড়ানো হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি বিজিবি।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব ইলাহী জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন এবং বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যকে দায়িত্ব দিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত দিন