সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শফিকুল ইসলাম (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার ভাঙাপাড়া এলাকার ১২১৬ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙাপাড়া গ্রামের কিতাব আলীর ছেলে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, 'রাতের আঁধারে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলছে।'
স্থানীয়দের বরাতে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় শফিকুলকে উদ্ধার করে প্রথমে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, 'ঘটনার সময় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে পরিবারের কাছে পৌঁছে দেয় এবং হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।'
তিনি আরও জানান, ঘটনার পরপরই বিএসএফকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে