Views Bangladesh Logo

লন্ডনে গুলিতে নিহত সিলেটের মাছুম

 VB  Desk

ভিবি ডেস্ক

যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে নিহত হয়েছেন সিলেটের বিশ্বনাথের মাছুম আহমদ (৪০) নামের এক বাংলাদেশি। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে পূর্ব লন্ডনের ইস্টহ্যামে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় সময় রাত প্রায় চারটার দিকে পুলিশ বাসায় গিয়ে মাছুমের পরিচয় নিশ্চিত করে তাঁর মৃত্যুর খবর দেয়। পরে পরিবার জানতে পারে, তিনি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

মাছুম বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের মোহাম্মদ আমির আলীর বড় ছেলে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তাঁর এক কন্যাসন্তান রয়েছে এবং পরিবারের বেশির ভাগ সদস্যও যুক্তরাজ্যে থাকেন।

নিহতের চাচা মোহাম্মদ সুমন জানান, মঙ্গলবার সকালে তিনি মাছুমের মৃত্যুর খবর পান। তবে কীভাবে বা কারা তাঁকে গুলি করেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

মাছুমের সাবেক সহকর্মী হাবিবুর রহমান জানান, তিনি আগে একটি এস্টেট এজেন্সিতে কাজ করতেন। এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত লন্ডনের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ