Views Bangladesh Logo

৬০ লাখ টাকা মুক্তিপণ দিয়েও প্রাণ বাঁচেনি সোহাগের, লিবিয়ায় ‘গুলি করে হত্যা’

অবৈধভাবে ইতালি যাওয়ার স্বপ্নে দালালচক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হলো না মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা সোহাগ মুন্সির। পরিবারের দাবি, বিভিন্ন সময়ে ৬০ লাখ টাকা দেওয়ার পরও আরও ২৭ লাখ টাকা আদায় করতে না পেরে লিবিয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবারে।

নিহত সোহাগ মুন্সি রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের আশরাফ আলী মুন্সির ছেলে। দেশে তিনি রংমিস্ত্রির কাজ করতেন।

পরিবারের সদস্যরা জানান, আর্থিক সচ্ছলতার আশায় ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন সোহাগ। এ সময় স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য ময়না আক্তার ও জুলহাস সরদারের মাধ্যমে বিদেশ যাওয়ার চুক্তি করেন। প্রথম ধাপে তাদের হাতে ২২ লাখ টাকা তুলে দেওয়া হয়।

২০২৫ সালের সেপ্টেম্বরে দেশ ছাড়ার পর সোহাগকে প্রথমে সৌদি আরব এবং পরে লিবিয়ার ত্রিপলিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় আরও ৩৮ লাখ টাকা আদায় করে দালালচক্র। পরে দেশে ফেরানোর কথা বলে আরও দুই লাখ টাকা দাবি করা হলেও তাকে ফেরত পাঠানো হয়নি।

পরিবারের অভিযোগ, গত ২৩ জুলাই দালালচক্র আরও ২৭ লাখ টাকা দাবি করে এবং ২৪ জুলাই সকাল ৮টার মধ্যে টাকা পরিশোধের আল্টিমেটাম দেয়। নির্ধারিত সময়ে টাকা দিতে না পারায় সোহাগকে গুলি করে হত্যা করা হয়। বুধবার দালালদের মাধ্যমেই পরিবারের সদস্যরা তার মৃত্যুর খবর জানতে পারেন। তাদের দাবি, হত্যার পর মরদেহও গুম করা হয়েছে।

নিহতের মা শাহিনুর বেগম জানান, জমি বিক্রি, ঋণ ও ধারদেনা করে ৬০ লাখ টাকা দিয়েও ছেলেকে বাঁচাতে পারেননি। তিনি ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং জড়িত দালালদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

মাদারীপুরের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন জানান, এ ঘটনায় নিহতের মা শাহিনুর বেগম রাজৈর থানায় মামলা করেছেন। ইতোমধ্যে প্রধান আসামি জুলহাস সরদারকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, মানবপাচারকারী চক্রের মূল হোতাদের বেশিরভাগই দেশের বাইরে অবস্থান করছেন। আর যারা দেশে আছেন, তারা নিয়মিত অবস্থান পরিবর্তন করায় তাদের গ্রেপ্তার করা কঠিন হয়ে পড়েছে। তবে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ