ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় আরও দুজনকে আটক করেছে বিএসএফ।
নিহত আশাদুল হক (৩৫) পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন একই গ্রামের মুস্তাকিন (৩৮) ও উদা চন্দ্র রায় (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈরচুনা সীমান্তের বিপরীতে ভারতের বসুদেবপুর বিএসএফ ক্যাম্প। বাংলাদেশের অংশে ৪২ বিজিবির বৈরচুনা সীমান্ত ফাঁড়ি এবং ভারতের অংশে বিএসএফের ১২১ ব্যাটালিয়নের বসুদেবপুর ক্যাম্প সীমান্ত পাহারায় রয়েছে।
শনিবার গভীর রাতে তিন বাংলাদেশি ওই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আশাদুল হক গুলিবিদ্ধ হয়ে নিহত হন। অপর দুজনকে আটক করে বিএসএফ।
আটক মুস্তাকিন ইন্দ্রাইল গ্রামের আহেদ আলীর ছেলে। আর উদা চন্দ্র রায় একই গ্রামের মনশা চন্দ্র রায়ের ছেলে।
রোববার আশাদুল হকের মরদেহ ভারতীয় পুলিশ দেশটির একটি মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিষয়ে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাত হোসেন বলেন, ‘হতাহতের বিষয়টি আমরা শুনেছি।’
দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, ‘বিষয়টি আমরা দেখছি।’
মতামত দিন