Views Bangladesh Logo

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত, পাঁচ দিনেও ফেরেনি মরদেহ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার লামা উত্তমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও তার মরদেহ এখনও ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানিয়েছেন স্বজনেরা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার (১ এপ্রিল) সীমান্তের ওপারে গুলিবিদ্ধ হওয়ার পর সাদ্দামের মরদেহ খাসিয়ারা নিয়ে যায়। রোববার (৫ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মরদেহ ফেরত দেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনেরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে ভারতের রাজনটিলা এলাকায় সুপারি আনতে যান সাদ্দাম হোসেনসহ কয়েকজন। এ সময় সুপারি বাগানের মালিক খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম নিহত হন এবং তার সঙ্গী ফরহাদ মিয়া আহত হন। পরে অন্য সঙ্গীরা ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশে নিয়ে আসেন।

নিহতের বড় ভাই নাজীম উদ্দীন বলেন, 'আমার ভাইসহ চারজন ভারতে গিয়েছিল। সেখানে খাসিয়ারা গুলি চালালে সে ঘটনাস্থলেই মারা যায়। এখনও তার লাশ ফেরত আনা যায়নি। এ বিষয়ে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।'

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে যাওয়ার পর খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদ্দাম ভারতের ভেতরেই মারা যান। তার মরদেহ এখনও হস্তান্তর করা হয়নি।

তিনি আরও জানান, নিয়ম অনুযায়ী বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

স্থানীয় উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম বলেন, নিহত বাংলাদেশির মরদেহ ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ