কলকাতার হোটেলের আগুনে স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মৃত্যু
ভারতের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্তের (৩৯) মৃত্যু হয়েছে। নিহত অন্যরা হলেন- তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছর বয়সী ছেলে শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)।
দেবাশীষ দত্ত কুষ্টিয়ার স্থানীয় দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন। পরিবারের সদস্যদের নিয়ে চিকিৎসার জন্য তিনি ভারতে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
দৈনিক আজকের আলোর সম্পাদক ও প্রকাশক গাজী মাহবুবুর রহমান দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই ও এনডিটিভিসহ বিভিন্ন গণমাধ্যমেও কলকাতার ওই আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের খবর প্রকাশিত হয়েছে।
জানা গেছে, হোটেলে আগুন লাগার পর সেখানে অবস্থানরত দেবাশীষ দত্ত ও তার পরিবারের সদস্যরা আর বের হতে পারেননি। পরে অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের মৃত্যুর খবর আসে। তবে আগুনের সূত্রপাত ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দেবাশীষ দত্তের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
কুষ্টিয়া প্রেসক্লাবের সদ্য সাবেক সভাপতি আল মামুন সাগর বলেন, দেবাশীষের আকস্মিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। তিনি একজন দক্ষ সাংবাদিকের পাশাপাশি ভালো মনের মানুষ ছিলেন। তার মৃত্যুতে কুষ্টিয়াবাসী একজন গুণী সাংবাদিককে হারাল।
এদিকে একই ঘটনায় পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। দেবাশীষ দত্তের সহকর্মী ও স্থানীয় সাংবাদিকেরা তার পরিবারের সদস্যদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
মতামত দিন