সৌদি আরবের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে প্রতিযোগিতার চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন তিনি। খবর সৌদি প্রেস এজেন্সির।
নুরুদ্দিন জাকারিয়া রাজধানীর আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। এবারের আসরে তিনি ১৫ পারা কোরআন হিফজ, শুদ্ধ তিলাওয়াত ও তাজবিদের ওপর ভিত্তি করে নির্ধারিত চতুর্থ শাখায় অংশ নেন। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ দক্ষতার সঙ্গে অতিক্রম করে শেষ পর্যন্ত সেরার স্বীকৃতি পান বাংলাদেশের এই তরুণ হাফেজ।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৩৩টি দেশ থেকে মোট ৩৩৪ জন প্রতিযোগী অংশ নেন। পাঁচটি পৃথক শাখায় ভাগ করে তাদের মধ্যে কোরআন মুখস্থ, তিলাওয়াত, তাজবিদ ও সংশ্লিষ্ট জ্ঞানের ওপর বিভিন্ন পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়।
প্রতিযোগিতায় সৌদি আরবের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের অভিজ্ঞ বিচারকরাও মূল্যায়ন প্রক্রিয়ায় অংশ নেন। প্রতিযোগীদের হিফজের মান, তিলাওয়াতের শুদ্ধতা, তাজবিদের প্রয়োগ এবং নির্ধারিত বিষয়ের ওপর দক্ষতা যাচাই করে নম্বর দেওয়া হয়। সব ধাপের মূল্যায়ন শেষে বিভিন্ন শাখায় মোট ৫০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে।
সৌদি আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও দিকনির্দেশনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ কোরআন প্রতিযোগিতা হিসেবে পরিচিত। প্রতি বছর বিভিন্ন দেশের কোরআনে হাফেজ ও কারিরা এতে অংশ নেন।
এবারের আয়োজনের মোট পুরস্কারের অর্থমূল্য ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের নুরুদ্দিন জাকারিয়ার প্রথম স্থান অর্জন দেশের কোরআন শিক্ষার অঙ্গনে নতুন গৌরবের সংযোজন হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন