সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ফোর্স কমান্ডার হলেন বাংলাদেশি জেনারেল
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সাফল্যের ধারায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (ইউএনএফআইসিওয়াইপি)-এর নতুন ফোর্স কমান্ডার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে নিয়োগ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন মিনহাজুল আলম। বিদায়ী ফোর্স কমান্ডারের দায়িত্বপালনের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব।
আন্তর্জাতিক শান্তিরক্ষা অঙ্গনে এটিই তার প্রথম বড় দায়িত্ব নয়। এর আগে, ২০২০-২০২১ মেয়াদে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে (MINUSCA) সফলভাবে সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ১৯৯৯-২০০০ সালে পূর্ব তিমুরে (UNTAET) সামরিক পর্যবেক্ষক হিসেবে মাঠ পর্যায়ে কাজ করার অনন্য অভিজ্ঞতা রয়েছে তার। সেনাবাহিনীর পদাতিক ইউনিটের বিভিন্ন স্তরে নেতৃত্বের পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় তিনি বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন।
শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ। তিনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে এমএসসি সম্পন্ন করেন। ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকেও তিনি ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।
বাংলাদেশ সেনাবাহিনীতে তিন দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতায় তিনি কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ—তিন ক্ষেত্রেই দক্ষতার স্বাক্ষর রেখেছেন। সর্বশেষ তিনি ‘আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড’-এ জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি এবং কক্সবাজার অঞ্চলের এরিয়া কমান্ডার (২০২৪-২০২৬) হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে