Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে একযোগে মুক্তি পেলো ‘রইদ’

দেশের প্রেক্ষাগৃহে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ানোর পর এবার আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় পরিসরে যাত্রা শুরু করল ঈদে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘রইদ’। যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে মুক্তির মধ্য দিয়ে উত্তর আমেরিকার দর্শকদের সামনে হাজির হয়েছে সিনেমাটি।

শুক্রবার (২৬ জুন) থেকে যুক্তরাষ্ট্রজুড়ে সিনেমাটির প্রদর্শনী শুরু হয়েছে। আন্তর্জাতিক পরিবেশনা প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে, এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিন্ন ভাষাভাষী ও বিদেশি দর্শকরাও বড় পর্দায় ‘রইদ’ দেখার সুযোগ পাবেন।

পরিচালক মেজবাউর রহমান সুমন নির্মিত ‘রইদ’ গত কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। গল্প, নির্মাণশৈলী, অভিনয় এবং চিত্রগ্রহণের জন্য সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে ছবিটি। মুক্তির কয়েক সপ্তাহ পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন সিনেপ্লেক্সে এখনো নিয়মিত প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।

সিনেমার কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেক শিল্পী। তাদের অভিনয়ও দর্শক-সমালোচকদের নজর কেড়েছে।

এর আগে গত ৫ জুন অস্ট্রেলিয়ায় ‘রইদ’-এর আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হয়। সেখানে প্রবাসী বাংলাদেশিদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রে মুক্তি দেওয়া হলো সিনেমাটি। সংশ্লিষ্টদের আশা, উত্তর আমেরিকার বাজারেও ছবিটি দর্শকদের ভালোবাসা অর্জন করবে।

নির্মাতাদের মতে, যুক্তরাষ্ট্রে একযোগে ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে মুক্তি পাওয়ার মাধ্যমে ‘রইদ’-এর আন্তর্জাতিক প্রদর্শনীর পরিধি আরও বিস্তৃত হলো। একই সঙ্গে বিশ্বব্যাপী বাংলা চলচ্চিত্রের দর্শকসংখ্যা বাড়াতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ