জোহানেসবার্গে নিজ দোকানের সামনে বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে শহরের উপকণ্ঠের বারা এলাকায় তাঁর নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত প্রবাসীর নাম আবু নাসের শামীম (৫০)। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বাসিন্দা এবং চার সন্তানের জনক।
শামীমের বড় ছেলে আবু রাফসান পিয়াস জানান, তাঁর বাবার চার-পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। সম্প্রতি নোয়াখালীর এক ব্যবসায়িক অংশীদারের সঙ্গে বড় একটি দোকান বিক্রি নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন তিনি। এ নিয়ে কয়েক দিন ধরেই উত্তেজনা বাড়ছিল। ঘটনার দিন দোকানের বাইরে নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় হামলাকারীরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে ৬-৭ রাউন্ড গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত এবং মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছে। এই ঘটনায় দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে