মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
মালয়েশিয়ার জোহর রাজ্যে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পাসির গুদাংয়ের সেরি আলম জেলার মাসাই-কং কং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সেরি আলম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক ঘটনাটি নিশ্চিত করেছেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি মাসাই থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে প্রবেশ করেন এবং অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের পর তিনি সড়কে ছিটকে পড়েন এবং পেছন থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য পাসির গুদাং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ধারা ৪১(১) অনুযায়ী তদন্তাধীন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য দিয়ে তদন্তে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে