স্পেনে অগ্নিকাণ্ডে বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত
স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডে মো. ইউসুফ হাসান আলিফ (২৬) নামে এক বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার বিকেলে মাদ্রিদের পালোস দে লা ফ্রন্তেরা মেট্রো স্টেশনের কাছে একটি সাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। গ্যারেজের ভেতরে আটকা পড়েন ইউসুফ। ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালালেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গ্যারেজে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে রাখা বৈদ্যুতিক সাইকেলের ব্যাটারি বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং গ্যারেজে নিরাপত্তাজনিত কোনো ত্রুটি ছিল কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পাসপোর্টের তথ্য অনুযায়ী, নিহত ইউসুফ ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি অবিবাহিত ছিলেন এবং মাদ্রিদে ফুড ডেলিভারি কর্মী হিসেবে কাজ করতেন। বর্তমানে তার মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মতামত দিন