Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশি প্রবাসী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষিণ আফ্রিকায় সশস্ত্র ডাকাতদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের ভেপেনার শহরে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৩)। তিনি ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্লাহপুর গ্রামের ওজি উল্লাহ হাফেজ বাড়ির মরহুম আবদুল মান্নান মিয়ার ছেলে।

কামরুলের বড় ভাই কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কামরুল ১২ বছর আগে দক্ষিণ আফ্রিকায় যান। শুরুতে চাকরি করলেও পরে নিজের ব্যবসা শুরু করেন। তিনি শিগগিরই দেশে ফেরার পরিকল্পনা করছিলেন।

কামরুজ্জামান বলেন, "রাতের বেলা দোকান বন্ধ করার সময় দুইজন কৃষ্ণাঙ্গ ডাকাত দোকানে ঢুকে পড়ে। তারা নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করে। এরপর দোকানের বাইরে গিয়ে আরও টাকা পেতে পারে মনে করে কামরুলকে গাড়ির কাছে নিয়ে যায়।"

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, সেখানে তারা কামরুলের বুকে বাম পাশে গুলি করে, এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকায় থাকা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ চলছে এবং মরদেহ দেশে আনার প্রস্তুতি নেয়া হচ্ছে। তিনি সরকারের সহযোগিতা কামনা করেন।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আজহারুল ইসলাম বলেন, "ঘটনাটি সম্পর্কে অবগত আছি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।"

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ