বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে রফিউল ইসলাম টুকলু (৩৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিউল ইসলাম টুকলু উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বলেন, ‘ভারতের এক-দেড় শ গজ অভ্যন্তরে বাংলাদেশি যুবক টুকুলু গুলিতে নিহত হয়েছেন। তাঁর লাশ বিএসএফ সদস্যরা নিয়ে গেছে। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি। বিএসএফ জানিয়েছে, ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেবে।’
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে