শ্রীলঙ্কায় ১৯ লাখ টাকার সিগারেট পাচারকালে বাংলাদেশি আটক
শ্রীলঙ্কায় বিদেশি সিগারেট পাচারকালে এক বাংলাদেশি ব্যবসায়ী আটক হয়েছেন। আজ রোববার সকালে দেশটির রাজধানী কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করে শুল্ক গোয়েন্দারা। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৫১ লাখ শ্রীলঙ্কান রুপি যা বাংলাদেশি টাকায় ১৯ লাখ।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বন্দরের কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ৩৬ বছর বয়সী ওই বাংলাদেশি ব্যবসায়ী থাই এয়ারওয়েজের টিজি-৩০৭ ফ্লাইটে রাত ১২টা ৫৫ মিনিটে ব্যাংকক থেকে শ্রীলঙ্কায় প্রবেশ করেন। বিমানবন্দরের গ্রিন চ্যানেল— অর্থাৎ শুল্কযোগ্য পণ্য নেই এমন যাত্রীদের পথ— দিয়ে বের হওয়ার সময় শুল্ক কর্মকর্তারা তাকে আটক করেন। তল্লাশিতে তার দুটি ব্যাগ থেকে ১৭০ কার্টন অর্থাৎ মোট ৩৪ হাজার পিস বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে পুরো চালানটি জব্দ করা হয়েছে এবং ওই যাত্রীকে ১ লাখ শ্রীলংঙ্কান রুপি জরিমানা করা হয়েছে। শ্রীলঙ্কান কর্তৃপক্ষ তার নাম প্রকাশ করেনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে