Views Bangladesh Logo

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

 VB  Desk

ভিবি ডেস্ক

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের আমানত ২০২৫ সালে ৪১ শতাংশ বেড়ে ৮৩৪ দশমিক ২ মিলিয়ন সুইস ফ্রাঁতে দাঁড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার ৭৬৩ কোটি টাকার সমপরিমাণ। সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এটি বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আমানত।

তবে এই বৃদ্ধির প্রায় পুরোটা এসেছে বাংলাদেশি ব্যাংকগুলোর বিদেশে রাখা তহবিল থেকে। ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশি ব্যাংকগুলোর আমানত বেড়ে ৮২২ দশমিক ৭ মিলিয়ন সুইস ফ্রাঁ হয়েছে, যা মোট আমানতের প্রায় ৯৯ শতাংশ। বিপরীতে ব্যক্তিগত হিসাবের আমানত সামান্য কমে ১১ দশমিক ৪ মিলিয়ন সুইস ফ্রাঁতে নেমে এসেছে।

ব্যাংকাররা বলছেন, এসব অর্থ ব্যক্তিগত গচ্ছিত সম্পদ বা পাচার হওয়া অর্থ নয়; বরং আন্তর্জাতিক লেনদেন, তারল্য ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশলের অংশ হিসেবে বিদেশি ব্যাংকে রাখা তহবিল।

বিশেষজ্ঞদের মতে, সুইস ব্যাংকের প্রকাশিত পরিসংখ্যান থেকে কালো টাকা বা পাচার হওয়া সম্পদের প্রকৃত চিত্র নির্ধারণ করা যায় না। কারণ অফশোর কোম্পানি, তৃতীয় দেশের নাগরিকত্ব বা ট্রাস্টের মাধ্যমে রাখা সম্পদ এ হিসাবে প্রতিফলিত নাও হতে পারে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুইস ব্যাংকে আমানতের পরিমাণে ভারতের পরেই রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে ভারতের আমানত ছিল ৩ দশমিক ২ বিলিয়ন সুইস ফ্রাঁ, আর বাংলাদেশের আমানত দাঁড়িয়েছে ৮৩৪ মিলিয়ন সুইস ফ্রাঁ। তবে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশই সবচেয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখিয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ