যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেলিভারিম্যানকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তের গুলিতে মো. মাহফুজুল হক (৪৩) নামে এক বাংলাদেশি ফুড ডেলিভারি কর্মী নিহত হয়েছেন। তিনি অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে খাবার পৌঁছে দেওয়ার সময় কিসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মাহফুজুল হককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিক তদন্তের ভিত্তিতে ফিলাডেলফিয়া পুলিশের চিফ ইন্সপেক্টর স্কট স্মল জানান, খুব কাছ থেকে মাহফুজকে গুলি করা হয়েছে। গুলিটি তার মাথার পেছনে লাগে। ঘটনাস্থলে তার ডেলিভারি গাড়িটি ইঞ্জিন চালু অবস্থায় পাওয়া যায়। গাড়ির পাশেই খাবারের প্যাকেট পড়ে ছিল।
তদন্তকারীদের ধারণা, মুখোশধারী অন্তত তিনজন এই হত্যাকাণ্ডে জড়িত। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার বিষয়ে তথ্য থাকলে পুলিশের নির্ধারিত হটলাইনে জানাতে অনুরোধ করা হয়েছে।
নিহত মাহফুজুল হকের বাড়ি রাজশাহীতে। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন। তার স্ত্রী সম্প্রতি চিকিৎসাবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন। পরিচিতজনদের ভাষ্য, স্ত্রীর পেশাজীবন শুরু হলে পরিবারের আর্থিক সংকট কিছুটা কাটবে—এমন আশা করেছিলেন মাহফুজ। কিন্তু তার আগেই এ ঘটনা ঘটে।
মিলবোর্ন বরোর মেয়র মাহবুবুল আলম তৈয়ব বলেন, প্রবাসী বাংলাদেশিদের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পারিবারিক সূত্র জানিয়েছে, জানাজা শেষে মাহফুজুল হকের মরদেহ কানাডায় নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।
এদিকে ডোরড্যাশ এক বিবৃতিতে মাহফুজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
মতামত দিন