ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা
ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের ১৮ বছর বয়সী এক সদস্য। ইতালির আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় রাত ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভিয়া মন্তিলিও সড়কের একটি বহুতল আবাসিক ভবনের ফ্ল্যাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নোয়াখালীর বসুরহাট এলাকার বাসিন্দা কামাল, তাঁর স্ত্রী এবং তাদের পাঁচ বছর বয়সী কন্যাশিশু। হামলায় গুরুতর আহত হয়েছেন কামালের ১৮ বছর বয়সী ছেলে। তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
ইতালীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ঘটনার সময় ধারালো অস্ত্র হাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই ফ্ল্যাটে প্রবেশ করে পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীর ধারালো অস্ত্রের আঘাতে কামাল, তাঁর স্ত্রী ও শিশু কন্যা গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় প্রাণ বাঁচাতে ও সাহায্যের জন্য ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন কামালের বড় ছেলে। কিন্তু ঘাতক তাকেও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় রেখে পালিয়ে যায়।
পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা জরুরি সেবা নম্বরে ফোন করলে ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুলেন্স, পুলিশ এবং ইতালির বিশেষ পুলিশ বাহিনী ‘কারাবিনিয়েরি’র সদস্যরা পৌঁছান। তারা তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং আহত তরুণকে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর পুরো কাসালোত্তি এলাকা ঘিরে রেখে তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি আশপাশের ভবন ও সড়কের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, যাতে হামলাকারীর পরিচয় শনাক্ত করা যায়।
রোম পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি অত্যন্ত নৃশংস একটি হত্যাকাণ্ড। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। তবে হত্যার পেছনে পূর্বশত্রুতা, ব্যক্তিগত বিরোধ, ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সব সম্ভাবনা বিবেচনায় নিয়ে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।
ঘটনাটি ইতালিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
মতামত দিন