সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় আকাশপথে আসা একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করার পর সেটির ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে আল রিফা এলাকার একটি খামারে এই ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে।
ফুজাইরার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের ধ্বংসাবশেষ পতনের ফলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে আরব আমিরাতে সাধারণ নাগরিকদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় এটি সর্বশেষ সংযোজন।
চলমান সংঘাতে এ পর্যন্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর দুজন সদস্য এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ একজন মরক্কান নাগরিক প্রাণ হারিয়েছেন। সাধারণ নাগরিকদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত এক মাসে কেবল আরব আমিরাতেই আহত হয়েছেন ১৮৮ জন, যাদের মধ্যে রয়েছেন মিশর, সুদান, ইথিওপিয়া, ফিলিপাইন, পাকিস্তান, ইরান, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক।
দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র সফলভাবে রুখে দিচ্ছে। তবে ধ্বংসাবশেষ লোকালয়ে পড়ায় হতাহতের ঘটনা ঘটছে। আল রিফার মতো কৃষিপ্রধান এলাকায় ড্রোনের টুকরো পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে এবং কোনো সন্দেহভাজন বস্তু দেখলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানাতে বলেছে।
নিহত বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দূতাবাস প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলে জানা গেছে। সূত্র: দ্য ন্যাশনাল নিউজ

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে