Views Bangladesh Logo

ফ্রান্সে গ্যাস বিস্ফোরণে ভবন ধসে বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

 VB  Desk

ভিবি ডেস্ক

ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠে ওভেরভিলিয়ে শহরে বিস্ফোরণে একটি বাড়ির অংশ ধসে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।

শনিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ের রু পল-ভেরলেন এলাকায় একটি প্যাভিলিয়ন বাড়িতে বিস্ফোরণটি ঘটে। এতে বাড়িটির একটি অংশ ধসে পড়ে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে ফরাসি সংবাদমাধ্যম লো মোঁদ ও লে প্যারিজিয়াঁ জানিয়েছে, গ্যাস লিক থেকে বিস্ফোরণটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় ববিনি প্রসিকিউটর অফিসের অধীনে তদন্ত শুরু হয়েছে।

নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা ও ফ্রান্সপ্রবাসী রাসেল আহমদের ছেলে।

বিস্ফোরণে বাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ফরাসি দমকল বাহিনীর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল ও উদ্ধারকারী কুকুর কাজ করে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, উদ্ধার অভিযানে প্রায় ১১০ জন দমকলকর্মী অংশ নেন।

ওভেরভিলিয়ের মেয়র সোফিয়েন কারুমি রোববার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, উদ্ধারকারীরা ঘণ্টার পর ঘণ্টা কাজ করেছেন, যাতে পরিস্থিতি আরও ভয়াবহ না হয় এবং ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করা যায়।

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্থানীয় প্রশাসন অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে। একটি পৌরসভা ভবনের কক্ষ এবং একটি স্টেডিয়ামের ড্রেসিংরুম তাঁদের থাকার জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নাহিলের মৃত্যুর খবর বাংলাদেশে তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচংয়ের কাটখালেও পৌঁছেছে। এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ