Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি ব্যবসায়ী সুমন মিয়া (৩৪)। তার বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশইল ইউনিয়নের অভীরামপুর পশ্চিমপাড়া এলাকায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় যান সুমন মিয়া। তিনি নিউক্যাসল সিটির কাছে একটি এলাকায় ব্যবসা করতেন।

শনিবার (৯ মে) বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দুর্বৃত্তরা রাস্তায় তার গাড়ি থামিয়ে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা মইজ উদ্দিন জানান, দক্ষিণ আফ্রিকায় থাকা সুমনের পরিচিতজনরা ফোন করে পরিবারের সদস্যদের এ দুঃসংবাদ দেন। আগামী মঙ্গলবার তার মরদেহ দেশে আনা হতে পারে বলে জানান তিনি।

সাত ভাইবোনের মধ্যে সুমন ছিলেন সবার ছোট। তিনি স্ত্রী ও দুই বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের আবহ নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ