ভারতে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৮: এনডিটিভি
ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রের অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এবং বাংলাদেশভিত্তিক একটি চরমপন্থী গোষ্ঠীর সহায়তায় তারা এই ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন হলেন মিজানুর রহমান, মোহাম্মদ শাবাত, উমর, মোহাম্মদ লিটন, মোহাম্মদ শহীদ ও মোহাম্মদ উজ্জ্বল। তামিলনাড়ুর তিরুপুর এলাকার বিভিন্ন পোশাক কারখানা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বাকি দুজনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পরিচয় গোপন রাখতে ভুয়া এনআইডি (জাতীয় পরিচয়পত্র) কার্ড ব্যবহার করছিলেন। তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন ও ১৬টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, তামিলনাড়ু পুলিশ এই অভিযান পরিচালনা করে সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। পরবর্তী তদন্তের জন্য তাদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
এর একদিন আগে প্রকাশিত খবরে বলা হয়, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা দিল্লির লালকেল্লা ও চাঁদনি চক এলাকার একটি মন্দিরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। সেখানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করার পরিকল্পনা ছিল বলে জানা যায়।
সূত্র জানায়, গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ৩১ জন নিহত ও ১৬০ জনের বেশি আহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে এই হামলার পরিকল্পনা করা হচ্ছিল। ওই আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট (আইএস)।
উল্লেখ্য, এর প্রায় তিন মাস আগে গত ১০ নভেম্বর দিল্লির লালকেল্লার কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণে ১২ জন নিহত এবং প্রায় দুই ডজন মানুষ আহত হন। এনডিটিভির খবরে বলা হয়, রেড ফোর্ট মেট্রো স্টেশনের কাছে বিস্ফোরকভর্তি একটি গাড়িতে ওই বিস্ফোরণ ঘটে। এতে গাড়ির চালক উমর মোহাম্মদ ওরফে উমর উন নবী ঘটনাস্থলেই নিহত হন; তিনি ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক ছিলেন।
এ ছাড়াও এর আগে দিল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদ এলাকা থেকে প্রায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধার করেছিল নিরাপত্তা সংস্থাগুলো। এসব ঘটনাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন অঞ্চলে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে