যুদ্ধের ভুয়া ভিডিও প্রচারের অভিযোগে আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।
জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া ভারতের দুইজন নাগরিকও রয়েছেন তাদের মধ্যে।
দেশটির পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও ছড়িয়ে দিয়েছিল যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে। তদন্তে দেখা গেছে, এসব ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে হামলার ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল।
এছাড়া অন্য দেশের ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিরক্ষা ব্যবস্থার ফুটেজকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে প্রচারের চেষ্টা করা হয়েছে। কিছু ভিডিওতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে শিশুদের আবেগঘন দৃশ্য ব্যবহার করা হয় এবং ভুয়া বিস্ফোরণের দৃশ্য যুক্ত করে দেশটির সামরিক স্থাপনা ধ্বংসের বানোয়াট দাবি করা হয়।
নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আধুনিক প্রযুক্তি বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক তৈরির চেষ্টা কোনোভাবেই সহ্য করা হবে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছেন।
বর্তমানে পাবলিক প্রসিকিউশন তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আমিরাত সরকার সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করেছে। মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে কেন্দ্র করে অনলাইনে বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে দেশটির সাইবার নিরাপত্তা বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে