Views Bangladesh Logo

বাংলাদেশ-কানাডা ফরেন অফিস কনসালটেশন্স অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

কানাডার রাজধানী অটোয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পঞ্চম বাংলাদেশ-কানাডা ফরেন অফিস কনসালটেশন্স অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) এ আয়োজন অনুষ্ঠিত হয়। দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যকার এই কনসালটেশন্সে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। অপরদিকে, কানাডা দলের নেতৃত্ব ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী (এশিয়া প্যাসিফিক) ওয়েলডন এপ।

বৈঠকে দুই দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কারিগরি সহায়তা, অভিবাসন, রোহিঙ্গা সংকট মোকাবেলাসহ বৈশ্বিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। এসময় পররাষ্ট্র সচিব মূল্যবোধ ও পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশ-কানাডা সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। কানাডার সহকারী উপমন্ত্রী বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি ও মায়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে উদারভাবে আশ্রয় দানের জন্য বাংলাদেশের প্রশংসা করেন। এসব সংকট মোকাবেলায় কানাডার অংশীদারিত্ব অটুট রাখার ব্যাপারেও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বহুমুখীকরণ ও সম্প্রসারণের জন্য একটি কারিগরী গ্রুপ গঠনে উভয় পক্ষ সম্মত হয়। দ্বিপাক্ষিক সম্পর্ককে পরবর্তী ধাপে উন্নীত করতে একযোগে কাজ করতেও সম্মতি জানায় তারা। এসময় বৈঠকে কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলমসহ অটোয়ায় বাংলাদেশ হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানাডার পক্ষে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলসসহ কানাডা সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ