সামরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার আলোচনা
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা ও কৌশলগত যোগাযোগ আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব আর্মি মেজর জেনারেল ক্রিস স্মিথ। এ সময় দুই দেশের সামরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সামরিক সহযোগিতার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
দুই দেশের স্থলবাহিনীর পেশাগত সক্ষমতা বাড়ানো, সামরিক প্রশিক্ষণ কর্মসূচিতে পারস্পরিক অংশগ্রহণ, প্রযুক্তিগত সহযোগিতা এবং কৌশলগত যোগাযোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নত সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কর্মসূচিতে দুই দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে অস্ট্রেলিয়ার ডেপুটি চিফ অব আর্মি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও অবদানের প্রশংসা করেন। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় শান্তিরক্ষীদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সামরিক সহযোগিতার অগ্রগতিতে মেজর জেনারেল ক্রিস স্মিথকে ধন্যবাদ জানান। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর মধ্যে পেশাগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতামত দিন