পাসপোর্ট নয়, প্রত্যর্পণ চুক্তিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাধারণ কোনো পর্যটক হিসেবে বিবেচনার সুযোগ নেই। তাঁকে পাসপোর্টের মাধ্যমে নয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনের খবর প্রকাশের পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী সরকারের অবস্থান তুলে ধরেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা সাধারণ কোনো পর্যটক নন যে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসবেন। তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য পাসপোর্টের প্রয়োজন নেই। বাংলাদেশ সরকার দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চায়।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীদের পাঠানো চিঠির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে নোটিশ পাঠাতে পারে। শেখ হাসিনার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে এবং তাঁর বিচার সম্পন্ন হয়েছে। এখন তাঁকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।
এর আগে সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন শেখ হাসিনা। ২০২৪ সালের আগস্টে দেশ ছাড়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
রয়টার্সের দেখা চিঠিতে শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনজীবীরা উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে তাঁর জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিটি নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতে চলে যান শেখ হাসিনা। ২০২৫ সালের নভেম্বরে জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তিনি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। বাংলাদেশ সরকার এরই মধ্যে ভারতের কাছে তাঁকে ফেরত চেয়ে প্রত্যর্পণের উদ্যোগ নিয়েছে।
মতামত দিন