বাংলাদেশ কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখবে এবং কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, নতুন সরকারের বৈদেশিক নীতির মূলমন্ত্র ‘বাংলাদেশ ফার্স্ট’। জাতীয় স্বার্থ ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন করা হবে।
তিনি জানান, সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে ইতোমধ্যে বৈঠক হয়েছে। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সব দেশের সঙ্গে লাভজনক সম্পর্ক গড়ে তোলা হবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই সব দ্বিপাক্ষিক বিষয় সম্মানজনকভাবে সমাধানের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত বৈঠকগুলো সৌজন্যমূলক ও ইতিবাচক পরিবেশে হয়েছে। ভবিষ্যতে নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা আরও এগিয়ে নিতে কিছু সময় প্রয়োজন হবে এবং সরকার একটি গতিশীল বৈদেশিক নীতি বাস্তবায়নে কাজ করবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে