সাফের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল
ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের আগে থাইল্যান্ডে প্রস্তুতি সারবে বাংলাদেশ নারী ফুটবল দল। দুটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে শিরোপা অভিযানের মহড়া নেবেন আফঈদা-ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে হ্যাটট্রিক সাফ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশের মেয়েরা।
গত ২৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চট্টগ্রামের ইপিজেডে টানা অনুশীলনে ঘাম ঝরিয়েছেন মনিকা-আফঈদারা। লক্ষ্য একটাই— টানা তৃতীয়বারের মতো সাফের শিরোপা ধরে রাখা।
ঘরের মাঠের প্রস্তুতি শেষে এবার বিদেশের মাটিতে নিজেদের আরও শাণিত করার পালা।
১৫ দিনের বিশেষ ট্রেনিং ক্যাম্পে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল। এই ক্যাম্পে কঠোর অনুশীলনের পাশাপাশি ম্যাচ অনুশীলনেরও সুযোগ থাকবে।
বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন বলেন, ‘থাইল্যান্ডের প্রিমিয়ার লিগের দুটি ক্লাবের বিপক্ষে আমরা দুটি প্রস্তুতি ম্যাচ খেলব। ১০ মে কাসিম বান্ডিত এফসি এবং ১৭ মে ব্যাংকক স্পোর্টস স্কুল এফসির বিপক্ষে ম্যাচ রয়েছে। এরপর ২১ মে থাইল্যান্ড থেকে আমরা ভারতের উদ্দেশে রওনা দেব।
দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেন, ‘চট্টগ্রামে ক্যাম্প শেষে এখন থাইল্যান্ডে যাচ্ছি। আগে বিদেশে ক্যাম্পের সুযোগ পেতাম না, ফুটবল ফেডারেশন এখন সেই সুযোগ করে দিচ্ছে। আমরা এই সুযোগগুলো কাজে লাগিয়ে ভালো খেলার চেষ্টা করব। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে, ইনশাআল্লাহ সেটা কাজে লাগাতে পারব — সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
থাইল্যান্ড সফর দিয়েই সাফ ইতিহাসে প্রথম নারী দল হিসেবে টানা তিন শিরোপার মিশন শুরু করবে বাংলাদেশ। নিজের শেষ অ্যাসাইনমেন্টে কোচ পিটার বাটলারও চান শিরোপা উৎসব করতে।
২৩ সদস্যের দল ঘোষণা বাংলাদেশে
আজ ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। দল থেকে বাজে পারফরম্যান্সের জন্য বাদ পড়েছেন স্বপ্না এবং মুনকি। এছাড়া নবীরণ বাদ পড়েছেন এসিএল ইনজুরির কারণে। বয়সভিত্তিক দলের অধিনায়কত্ব হারালেও জাতীয় দলের হয়ে ঠিকই আর্মব্যান্ড থাকছে আফঈদা খন্দকারের হাতে। প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকীকেও স্কোয়াডে রেখেছেন কোচ পিটার বাটলার।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে