Views Bangladesh Logo

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী দল ঘোষণা

এশিয়ান গেমস ও নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই টুর্নামেন্টই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সংস্করণে। অধিনায়ক নিগার সুলতানার নেতৃত্বাধীন দল থেকে বাদ পড়েছেন ওপেনার তাজ নেহার। তাঁর জায়গায় দলে সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা।

সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন তাজ নেহার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের একমাত্র ম্যাচে ১২ বলে ১ রান করেছিলেন তিনি। অন্যদিকে শারমিন সুলতানা এখন পর্যন্ত ১৬টি ওয়ানডে খেলেছেন। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। ওই ম্যাচটিই এই সংস্করণে শারমিনের একমাত্র আন্তর্জাতিক ম্যাচ।

আগামী ২৮ আগস্ট হংকং ও থাইল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ। বাংলাদেশ গ্রুপ পর্বে ৩১ আগস্ট ইন্দোনেশিয়া, ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।

এশিয়া কাপের পর বাংলাদেশ দল অংশ নেবে এশিয়ান গেমসে। আট দলের এই প্রতিযোগিতা শুরু হবে কোয়ার্টার ফাইনাল পর্ব দিয়ে। জাপানের আইচি-নাগোয়ায় আগামী ১৭ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চীন। সেই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, শারমিন আক্তার, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, সুলতানা খাতুন, সানজিদা আক্তার ও ফারিহা ইসলাম।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ