কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
জুনিয়র এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে তারা। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাজাখস্তানকে ৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।
এর আগে নিজেদের প্রথম দুই ম্যাচে চাইনিজ তাইপে ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।
কাজাখস্তানের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। ম্যাচের তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন শারিকা রিমন। ১৪তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান দ্বিগুণ করেন লিজা আক্তার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশ। ৪৬তম মিনিটে ফিল্ড গোল করে ব্যবধান ৩-০ করেন জাকিয়া আফরোজ লিমা। এরপর ৫১তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করেন শারিকা রিমন। তাতে ৪-০ গোলের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এই জয়ে ১০ দলের টুর্নামেন্টে শীর্ষ ছয়ের জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা।
পুরো ম্যাচেই বাংলাদেশের রক্ষণভাগ ছিল দৃঢ়। কাজাখস্তানকে কার্যত কোনো বড় সুযোগই তৈরি করতে দেয়নি বাংলাদেশের খেলোয়াড়েরা।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ হংকংয়ের বিপক্ষে। বুধবার ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মতামত দিন