ইতিহাস গড়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ নারী হকি দল
বাংলাদেশ নারী হকি দল গড়েছে ঐতিহাসিক সাফল্য। বাছাইপর্বের শেষ ম্যাচে হংকংকে ২-১ গোলে হারিয়ে তারা নিশ্চিত করেছে আসন্ন এশিয়ান গেমসের মূল পর্বে জায়গা।
বাছাইপর্বে গ্রুপ পর্বের শেষ ম্যাচে এই জয়ের ফলে সেমিফাইনালে উঠার পাশাপাশি মূল পর্বের টিকিটও নিশ্চিত হয় বাংলাদেশের মেয়েদের। এটি দেশের নারী হকি দলের জন্য প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতা হলেও শুরুতেই এসেছে বড় সাফল্য।
ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। বিশ্ব র্যাঙ্কিংয়ের ৩৪ নম্বরে থাকা হংকং প্রথম মিনিটেই গোল করে এগিয়ে যায়। তবে ১০ মিনিটে সমতা ফেরায় বাংলাদেশ। জটলার মধ্যে দারুণ শটে গোল করেন মিডফিল্ডার নাদিরা এমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বাংলাদেশ। ৩৯ মিনিটে কনা আক্তারের গোলে এগিয়ে যায় দলটি। শেষ পর্যন্ত এই লিড ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে প্রথম ম্যাচে শক্তিশালী চাইনিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৩-২ গোলে উজবেকিস্তানকে হারায় তারা।
এই সাফল্যের মাধ্যমে প্রথমবারের মতো নারী দল হিসেবে বাংলাদেশ অংশ নিতে যাচ্ছে এশিয়ান গেমসের মূল পর্বে, যা দেশের হকি ইতিহাসে নতুন অধ্যায় যোগ করল। আসন্ন আসরটি আগামী সেপ্টেম্বর–অক্টোবরে জাপানে অনুষ্ঠিত হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে