Views Bangladesh Logo

শ্রীলঙ্কার কাছে আবার হার, সিরিজ খোয়াল বাংলাদেশ নারী দল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবারের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ট্রফি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। প্রথম ম্যাচেও হেরেছিল স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধীরগতির হলেও ধীরে ধীরে বড় সংগ্রহ গড়ে তোলে লঙ্কানরা। ওপেনিং জুটি ভাঙেন ফারিহা ইসলাম তৃষ্ণা। এরপর ইমেশা দুলানি ও অধিনায়ক চামারি আতাপাত্তু দলকে এগিয়ে নেন। দুলানি ২৭ রান করে আউট হলেও আতাপাত্তু ৩৭ বলে ৪২ রানের কার্যকর ইনিংস খেলেন।

ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন হার্শিতা সামারাওয়িক্রমা। ২৯ বলে ৪৯ রানের ইনিংসে দলকে ২০ ওভারে ১৫৪ রানের সংগ্রহ এনে দেন তিনি। বাংলাদেশের হয়ে ফারিহা, নাহিদা, রিতু ও সুলতানা একটি করে উইকেট নেন।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা করে বাংলাদেশ। দিলারা আক্তার দোলা ও জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা উদ্বোধনী জুটিতে দ্রুত রান তোলেন। তবে দিলারা ২৩ রানে আউট হলে ছন্দ হারায় দল।

জয়িতা ২৯ রান করে রান আউট হলে চাপে পড়ে বাংলাদেশ। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি সুপ্তাও রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। শেষদিকে সুপ্তা ৪৭ বলে ৪৫ রান করলেও তা যথেষ্ট হয়নি। ২০ ওভারে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে কাভিশা দিলহারি ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২ মে একই ভেন্যুতে মাঠে নামবে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ