৩-০ ব্যবধানে সিঙ্গাপুরকে হারাল বাংলাদেশ
সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার (১ নভেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফিফা প্রীতি ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ম্যাচের শুরু থেকে সিঙ্গাপুরকে কোনো সুযোগই দেয়নি বাংলাদেশ। ৪-৪-২ ছকে খেলে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় সাবিনা-সানজিদারা।
ম্যাচের ৩ মিনিটে সাবিনার ক্রস থেকে পাওয়া বলে জোরালো হেড দেন আফঈদা। বলটি প্রতিপক্ষের ক্রসবারের মাঝামাঝি জায়গায় লেগে গোল লাইনের একটু ভেতরে প্রবেশ করলে প্রথম গোল পায় বাংলাদেশে। ১৬ মিনিটে তহুরা খাতুনের গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগে ৩-০ ব্যবধানের জায়গায় ৪-০ ব্যবধান গড়তে পারত বাংলাদেশের মেয়েরা। যদি ২৫ মিনিটে সাবিনার জোরালো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট না হতো।
বিরতির পর তৃতীয় গোল আসতে সময় লাগেনি। মধ্যমাঠ থেকে বাংলাদেশের মাসুরা পারভীনের লং পাস থেকে বক্সের ভিতরে বল নিয়ে আগুয়ান গোলকিপারের মাথার ওপর দিয়ে প্রতিপক্ষের জালে জড়ান তহুরা খাতুন। একটু পর মনিকার বাঁ পায়ের জোরালো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
এদিকে একই ধারায় খেলতে থাকা বাংলাদেশ ৭০ মিনিটে কর্নার থেকে আত্মঘাতী গোল খেতে যাচ্ছিল। খায়রুন্নেসার আলতো ছোঁয়া কোনোমতে গোলকিপার তালুবন্দি করে ব্যবধান বাড়তে দেয়নি।
৭৭ মিনটে সাবিনার পাস থেকে বল পেয়ে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকেন মারিয়া। তবে ঠিকঠাক শট নিতে পারেননি। বল চলে যায় পোস্টের বাইরে দিয়ে। পরের মিনিটে ঋতুপর্নার শট গোলকিপার ঠেকিয়ে দেন। ৮৪ মিনিটে সাবিনা খাতুনের ফ্রি-কিক ক্রসবারের মাঝামাঝি জায়গায় লেগে ফিরে এলেও ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এই জয়ে চলতি বছর প্রথম আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে পরের ম্যাচটি ৪ ডিসেম্বর।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে