Views Bangladesh Logo

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নারী ক্রিকেট দলের স্মরণীয় জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

নিগারদের দেড়শ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ৯ ওভারে দক্ষিণ আফ্রিকার রান ছিল কোনো উইকেট না হারিয়ে ৬৮। ম্যাচ অনেকটাই চলে গিয়েছিল তাদের মুঠোয়। সেখান থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াল দারুণভাবে। বেনোনিতে প্রথম টি-টোয়েন্টিতে রোববার দক্ষিণ আফ্রিকার মেয়েদের বিপক্ষে বাংলাদেশের জয় ১৩ রানে।

এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় জয় এটি, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম। এর আগে ২০১২ সালে মিরপুরে ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।

এবারের জয়ের নায়ক লেগ স্পিনিং অলরাউন্ডার স্বর্ণা আক্তার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রথমবারের মতো তিনি ৫ উইকেট নেন ২৮ রান দিয়ে।

ব্যাট হাতে বড় অবদান রাখেন মুর্শিদা খাতুন। ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেলে ৫৯ বলে ৬ চার ও এক ছক্কায় অপরাজিত ৬২ রান করেন তিনি। ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক নিগার সুলতানা।

২০ ওভারে বাংলাদেশ ২ উইকেটে করে ১৪৯ রান। জবাবে শক্ত অবস্থানে থেকে পথ হারিয়ে দক্ষিণ আফ্রিকা করতে পারে ৮ উইকেটে ১৩৬।

পরপর দুই দিনে দারুণ দুটি উপলক্ষ এলো বাংলাদেশের ক্রিকেটে। শনিবার সিলেটে ছেলেদের ক্রিকেটে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ প্রথমবার টেস্ট জয়ের স্বাদ পায় নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলামদের হাত ধরে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৪ রানের উদ্বোধনী জুটিতে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন শামিমা সুলতানা ও মুর্শিদা। শামিমা ২৪ বলে একটি করে ছক্কা ও চারে বিদায় নেন ২৪ রান করে।

তিনে নেমে বেশিক্ষণ টেকেননি সোবহানা মোস্তারি (১৭ বলে ১৬)। এরপর তৃতীয় উইকেটে ৪২ বলে অবিচ্ছিন্ন ৬২ রানের জুটিতে দলকে দেড়শর কাছে নিয়ে যান মুর্শিদা ও নিগার। মুর্শিদা চতুর্থ টি-টোয়েন্টি ফিফটি পূর্ণ করেন ৫১ বলে।

বোলিংয়ে শুরুটা ভালো করতে পারেননি মারুফা আক্তার, নাহিদা আক্তাররা। আনেকা বোশ ও টাজমিন ব্রিটসের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।

দশম ওভারে ব্রিটসকে (২৬ বলে ৩০) ফিরিয়ে ৬৯ রানের শুরুর জুটি ভাঙেন লেগ স্পিনার রাবেয়া খান। পরের ওভারে আরেকটি সাফল্য আসে ফাহিমা খাতুনের হাত ধরে।

৮ উইকেট হাতে রেখে শেষ ৫ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৪৯ রান। ৪১ বলে ফিফটি করে খেলছিলেন আনেকা।

ষোড়শ ওভারে সুনে লুসকে ফিরিয়ে প্রথম শিকার ধরেন স্বর্ণা। তার পরের ওভারে আরও দুই উইকেটের পতনে বদলে যায় ম্যাচের চিত্র। এই ওভারেই দক্ষিণ আফ্রিকার বড় ভরসা আনেকা বিদায় নেন ৪৯ বলে ৬৭ রান করে। তারা ম্যাচ থেকেও ছিটকে যায় সেখানেই।

শেষ ওভারে ২৪ রানের সমীকরণে স্বর্ণার প্রথম বলে চার মারেন ডেলমি টাকার। তবে স্বর্ণা ঘুরে দাঁড়ান দারুণভাবে। তৃতীয় ও চতুর্থ বলে মিকি ডি রিডার ও মাসাবাতা ক্লাসকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ১৬ বছর বয়সী স্পিনার।

জাহানারা আলম, পান্না ঘোষ ও নাহিদার পর বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হিসেবে মেয়েদের টি-টোয়েন্টিতে পাঁচ উইকেটের স্বাদ পেলেন স্বর্ণা। ম্যাচ সেরা অবধারিতভাবে তিনিই।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী বুধবার, কিম্বার্লিতে।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ নারী দল: ২০ ওভারে ১৪৯/২ (শামিমা ২৪, মুর্শিদা ৬২*, সোবহানা ১৬, নিগার ৩৪*; এমলাবা ৩-০-২১-০, ক্লাস ৪-০-২৯-০, মার্কস ৪-০-২৫-১, ডের্কসেন ২-০-১৫-০, শাঙ্গাসে ১-০-১৩-১, টাকার ৩-০-১৯-০, সেখুখুনে ৩-০-২২-০)

দক্ষিণ আফ্রিকা নারী দল: ২০ ওভারে ১৩৬/৮ (আনেকা ৬৭, ব্রিটস ৩০, ডের্কসেন ১, লুস ১৮, টাকার ১৫*, শাঙ্গাসে ০, মার্কস ১, রিডার ১, ক্লাস ০, এমলাবা ২*; মারুফা ২-০-১৯-০, নাহিদা ৪-০-৩১-১, শরিফা ৩-০-১৯-০, ফাহিমা ৪-০-২২-১, রাবেয়া ৩-০-১৭-১, স্বর্ণা ৪-০-২৮-৫)

ফল: বাংলাদেশ ১৩ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে বাংলাদেশ

প্লেয়ার অব দ্য ম্যাচ: স্বর্ণা আক্তার

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ