ফাইনালে হারলেও এশিয়ান গেমসে কোয়ালিফাই করল বাংলাদেশের মেয়েরা
নারী এশিয়ান গেমস হকির বাছাইপর্বের ফাইনালে চাইনিজ তাইপেইর কাছে ৩-১ গোলে হেরে রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। বুধবার (২৯ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা সম্ভব হয়নি অর্পিতাদের।
ম্যাচের শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। খেলার অষ্টম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন অধিনায়ক অর্পিতা পাল। তবে লিডটি বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ১৭তম মিনিটে চাইনিজ তাইপেইর হয়ে সমতা ফেরান ওয়াং ইউ-চিউ। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতির পর খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় শক্তিশালী চাইনিজ তাইপেই। ৩২তম মিনিটে মা জিয়াও সুন তাদের এগিয়ে দেন এবং ৪০তম মিনিটে হুয়াং টি ইউ টিং ব্যবধান ৩-১ করেন। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পেনাল্টি কর্নার ও আক্রমণের সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়।
শিরোপা হাতছাড়া হলেও বড় একটি আন্তর্জাতিক বাছাইপর্বের প্রথম মিশনেই শক্তিশালী অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। রানার্স-আপ হওয়ার পাশাপাশি এ বছর জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে নারী দলটি।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন আইরিন রিয়া। সেমিফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে হ্যাটট্রিকসহ পুরো টুর্নামেন্টে মোট ৫ গোল করে যৌথভাবে শীর্ষ গোলদাতা নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া দলের হয়ে কোনা আক্তারও করেছেন ৩টি গোল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে