Views Bangladesh Logo

স্লো ওভার রেটের কারণে বাংলাদেশের মেয়েদের ৫ শতাংশ জরিমানা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইসিসি। দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠের আম্পায়ার বৃন্দা রাঠি ও হুমাইরা ফারাহ, তৃতীয় আম্পায়ার সালিমা ইমতিয়াজ এবং চতুর্থ আম্পায়ার রাবাব আহসান বাংলাদেশ দলের বিরুদ্ধে অভিযোগ করেন। ম্যাচ রেফারি জি এস লক্ষ্মী সেই অভিযোগের ভিত্তিতে শাস্তি দেন।

আইসিসির খেলোয়াড় ও সাপোর্ট পারসোনেলের আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গের দায়ে বাংলাদেশকে এই শাস্তি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যত ওভার কম বোলিং করা হয়, সাধারণত প্রতিটি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছিল। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১১৪ রান করে। ১১৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ ওভার শেষে ৬ উইকেটে শ্রীলঙ্কার রান ছিল ৮৬। তবে ১৮তম ওভারে রিতু মনির করা ওভারে ১৩ রান নেয় শ্রীলঙ্কা। ওই ওভারে হারশিতা সামারাবিক্রমা একটি চার ও একটি ছক্কা মারেন।

এরপর শ্রীলঙ্কার জয়ের জন্য যখন ২ ওভারে ১৩ রান প্রয়োজন, তখন স্লো ওভার রেটের কারণে শাস্তি হিসেবে বাংলাদেশকে বৃত্তের ভেতরে একজন অতিরিক্ত ফিল্ডার রাখতে হয়। শেষ পর্যন্ত ৪ বল হাতে রেখে ৪ উইকেটে জয় পায় শ্রীলঙ্কা।

এই হারে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সমীকরণ কঠিন হয়ে গেছে। ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যে সেমিফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শুক্রবার দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান।

অন্যদিকে, আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলেরই পয়েন্ট ২। ফলে সেমিফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ