এশিয়ান গেমসে পাকিস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা
তৃতীয় স্থান নির্ধারণী প্লে-অফ ম্যাচে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়ান গেমসের প্রথম পদক জিতেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এর আগে দুইবার এশিয়ান গেমসে রৌপ্য পদক জয় করে বাংলাাদেশের মেয়েরা।
সোমবার (২৫ সেপ্টেম্বর) হ্যাংজুতে চলমান ১৯তম এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট দল দেশের প্রথম পদক হিসেবে ব্রোঞ্জ জিতেছে। আজ সকালে হ্যাংজুতে ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট গ্রাউন্ডে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
ম্যাচে জামালপুরের ১৬ বছর বয়সী অলরাউন্ডার স্বর্ণা ৪ ওভারে ১৬ রান দিয়ে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে বিপাকে ফেলে দেয়। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৬৪ রান। অন্যদিকে ৩৩ বলে অপরাজিত থেকে ১৪ রানের এক ইনিংস খেলেন স্বর্ণা। এতেই ৫ উইকেট হারিয়ে ১৮ ওভার ২ বলে ৬৫ রানে জয় পেয়ে যায় বাংলাদেশ।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দলের লোয়ার অর্ডার আলিয়া রিয়াজ ১৭, অধিনায়ক নিদা দার ১৪, সাদাফ শামস ১৪, এবং নাতালিয়া পারভেজের ১১ রানসহ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৬৪ রানে গুটিয়ে যায় ইনিংস। ম্যাচে স্বর্ণার ৩টি উইকেট ছাড়াও সানজিদা আক্তার চার ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট এবং মারুফা আক্তার, রাবেয়া খান এবং নাহিদা আক্তার ১টি করে উইকেট নেন।
এর আগে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছেছিল। কিন্তু সেই ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয়ে হেরে যায় বাংলাদেশের মেয়েরা। ফলে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেন তারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে