আন্তর্জাতিক ‘ইকোনমিকস অলিম্পিয়াডে’ বাংলাদেশের ব্রোঞ্জ পদক ও ‘ইয়ুথ টক’ চ্যাম্পিয়নশিপ অর্জন
চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৯ম আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড (আইইও) ২০২৬-এ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ৫৭টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের ফারাবিদ বিন ফয়সাল ব্রোঞ্জ পদক জিতেছেন। একই সঙ্গে জাইফ বিন মোর্শেদ প্রথমবারের মতো আয়োজিত ‘আইইও ইয়ুথ টক’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে বৈশ্বিক পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন।
এছাড়া অর্থনীতি শিক্ষার প্রসার, আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ধারাবাহিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডকে ‘স্পেশাল ইন্টারন্যাশনাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ প্রদান করেছে আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াড কর্তৃপক্ষ। বাংলাদেশ দলের সদস্য ছিলেন ফারাবিদ বিন ফয়সাল (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ধানমন্ডি), জাইফ বিন মোর্শেদ ও ফারিহা তাসনিম (মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান), প্রান্ত ঘোষ (মাস্টারমাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুল, ধানমন্ডি) এবং ফাইয়াদ সালেহীন আহমেদ (স্কলাস্টিকা)।
জানা গেছে, সারা দেশ থেকে ৪৮ হাজারের বেশি নিবন্ধিত শিক্ষার্থীর অংশগ্রহণে একাধিক বাছাই পর্ব শেষে জাতীয় দল গঠন করা হয়। নির্বাচিত শিক্ষার্থীরা জাতীয় ক্যাম্প এবং দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও ব্যবসায়িক নেতাদের তত্ত্বাবধানে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আন্তর্জাতিক ইকোনমিকস অলিম্পিয়াডের এক্সিকিউটিভ বোর্ডের সদস্য এবং বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মো. আল আমিন পারভেজ। ডেপুটি লিডার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সেক্রেটারি রাফিদ আবরার।
এবারের আসরে আরও একটি গুরুত্বপূর্ণ অর্জন হলো, বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের অ্যাম্বাসাডর মো. মানসুরুল হক এবং মো. আল আমিন পারভেজ আন্তর্জাতিক বিজনেস কেস প্রতিযোগিতার জুরি বোর্ডে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ দলের এই সাফল্যে অভিনন্দন জানিয়ে ব্র্যাকের চেয়ারপারসন ও পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান বলেন, এই অর্জন দেশের তরুণদের মেধা ও সম্ভাবনার উজ্জ্বল প্রতিফলন। বিশ্বমানের অর্থনীতি শিক্ষা এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতের অর্থনীতিবিদ, নীতিনির্ধারক, উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি ও ব্র্যাক ব্যাংকের যৌথ উদ্যোগে এবং সিটি ব্যাংকের সহযোগিতায় আয়োজিত বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াড দেশের মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ সৃষ্টি করছে। এবারের অর্জন সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল মাইলফলক।
মতামত দিন